শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ দীর্ঘ প্রায় ২০-২৫ বছর ধরে ওই জমিতে বসবাস করছিলেন কয়েকটি পরিবার। জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলার পর হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে মঙ্গলবার সকালে বুলডোজার চালিয়ে সেখানে থাকা নির্মাণ ভেঙে দেওয়া হল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। বুলডোজার দিয়ে একের পর এক নির্মাণ ভেঙে ফেলা হয়।
যদিও উচ্ছেদ হওয়া পরিবারগুলির অভিযোগ, তাঁদের যথাযথ নোটিস না দিয়েই ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করা হয়েছে। তাঁদের আরও দাবি, জোর করে ঘর থেকে বের করে দেওয়ার পরেই নির্মাণ ভাঙা হয়। দীর্ঘদিন ধরে বসবাস করার পর আচমকা ঘর হারিয়ে তাঁরা সমস্যায় পড়েছেন বলেও দাবি পরিবারের সদস্যদের।
অন্যদিকে, প্রশাসনের তরফে হাইকোর্টের নির্দেশ মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। জমি সংক্রান্ত মামলার আইনি অবস্থান এবং আদালতের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে খবর।
উচ্ছেদকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশের উপস্থিতিও ছিল বলে জানা গিয়েছে। তবে পরিবারগুলিকে নোটিস দেওয়া হয়েছিল কি না এবং পুনর্বাসনের কোনও ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।





