শিলিগুড়ি, ৫ আগস্ট : ভোররাতে টোটো করে এসে ওষুধের দোকানের শাটার ভেঙে ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধান নগর এলাকায়, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বুধবার ভোররাতে প্রধান নগর এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমের পাশের ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি টোটো করে পাঁচজন দুষ্কৃতী দোকানের সামনে এসে নামে। এর পর ওই দোকানের শাটার ভাঙে। অভিযুক্তদের একজন চাদর টাঙিয়ে অন্যদের আড়াল করার চেষ্টা করছিল, যাতে বাইরে থেকে তাদের দেখা না যায়। এরপর দোকানে তাদের মধ্যে একজন মুখ চাদর আড়াল করে ঢুকলে, বাকি চার জন দাঁড়িয়ে চারপাশে নজর রাখছিল। দোকানের ভেতরে ঢুকে ক্যাশবক্সে রাখা নগদ প্রায় ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
এর পর বুধবার সকালে ঘটনার খবর পেয়ে দোকানের মালিক প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
দোকানের মালিকের দাবি, ২০২৩ সালেও ওই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। তবে সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ফের একই ধরনের চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা ও পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।





