খবরিয়া ২৪ ডেস্ক, ২১ ফেব্রুয়ারিঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রে সিপিএম। এক তরুণ ‘বিদ্রোহী’ কমরেডের সদস্যপদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ এবং সেই চিঠি প্রকাশ্যে চলে আসা ঘিরে যখন আলিমুদ্দিনের অন্দরে চাপানউতোর তীব্র, ঠিক সেই সময় নতুন বিতর্কে জড়ালেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সম্প্রতি কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন তিনি। ছাত্র বিক্ষোভের জেরে বক্তব্য না রেখেই অনুষ্ঠানস্থল ছাড়েন সেলিম। গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একটি কলার খোসা দেখিয়ে কাচ তুলে দেন। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই কটাক্ষ করে বলেন, দলীয় রাজনীতিতে ব্যবহার শেষে ‘খোসা’ ফেলে দেওয়ার ইঙ্গিতই যেন এতে লুকিয়ে রয়েছে।
আজ সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে ব্যাখ্যা দেন সেলিম। তাঁর দাবি, তিনি কেবল কলা খেয়ে খোসা ফেলে দিচ্ছিলেন যাতে কেউ পিছলে না পড়েন। সময়ের অভাবে দুপুরের খাবার না খেয়ে কলা খেয়েছিলেন বলেও জানান তিনি। তবে প্রতীক উর রহমানকে নিয়ে প্রশ্নের উত্তরে ওই আচরণ কেন, সে বিষয়ে স্পষ্ট জবাব এড়িয়ে যান।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক ঘটনাবলি সিপিএমের অন্দরে অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে। তরুণ কমরেডের বিদ্রোহ এবং বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দুই মিলিয়ে ভোটের আগে চাপে বাম শিবির। যদিও দলীয় নেতৃত্ব প্রকাশ্যে তা মানতে নারাজ, তবু বিতর্ক যে সহজে থামছে না, তা স্পষ্ট।





