কোচবিহার, ৯ এপ্রিলঃ নির্বাচন প্রক্রিয়ার মাঝেই আচমকা বদলি করা হল কোচবিহার দক্ষিণ বিধানসভার পর্যবেক্ষক অনুরাগ যাদব-কে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক।
সূত্রের খবর, বুধবার পর্যবেক্ষকদের নিয়ে একটি বৈঠক চলছিল, যেখানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞাণেশ কুমার। বৈঠকের সময় বিভিন্ন পর্যবেক্ষকদের কাছে তাঁদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলির ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। অভিযোগ, এই প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় নেন অনুরাগ যাদব।
এতেই নাকি অসন্তোষ প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার। সূত্র অনুযায়ী, তিনি কড়া ভাষায় প্রশ্ন করেন “সাধারণ বিষয় জানেন না?” এই মন্তব্যে অসন্তুষ্ট হয়ে অনুরাগ যাদব পাল্টা জবাব দেন। তিনি জানান, “আমি ২৫ বছর ধরে পেশায় আছি, এভাবে কথা বলা যায় না।”
এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বৈঠকে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। পরে বৈঠক স্বাভাবিকভাবে চললেও, তার মধ্যেই কোচবিহার দক্ষিণের পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুরাগ যাদবকে।
উল্লেখ্য, অনুরাগ যাদব একজন অভিজ্ঞ আইএএস আধিকারিক। তিনি আগে উত্তরপ্রদেশের প্রিন্সিপাল সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। পাশাপাশি সমাজকল্যাণ, সেনাকল্যাণ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও কাজ করেছেন।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বলেন, “অনুরাগ যাদব সাহসিকতার পরিচয় দিয়েছেন। অনেক আইএএস আধিকারিকই চাপের মুখে থাকেন, কিন্তু সবাই প্রতিবাদ করতে পারেন না। এই ঘটনা তার ব্যতিক্রম।”
সব মিলিয়ে, নির্বাচনের আবহে এমন একটি ঘটনা প্রশাসনিক নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনার তাৎপর্য কতদূর বিস্তৃত হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।





