কোচবিহার, ৬মে: ভোটের ফলাফল ঘোষণার পরই আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়ে উঠেছে কোচবিহার জেলা প্রশাসন। বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ জেলাশাসকের দপ্তরের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক করেন প্রশাসনের শীর্ষ কর্তারা। উপস্থিত ছিলেন জেলাশাসক জিতিন যাদব, জেলা পুলিশ সুপার জসপিট সিং এবং ডিএফও সাংকাথা প্রসাদ।
বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ভোট পরবর্তী কোনও হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। জেলার সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও, সাধারণ মানুষের উদ্দেশে প্রশাসনের আবেদন, কোনও গুজবে কান না দিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। যাতে কেউ ভয়ভীতির মধ্যে না থাকেন, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান প্রশাসনিক কর্তারা।
জেলা প্রশাসনের এই উদ্যোগে কোচবিহারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।





