কোচবিহার, ২৩ ডিসেম্বর : রাত পোহালেই বড়দিন।২৫ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে উৎসবের আমেজে সেজে উঠেছে কোচবিহার শহরের বিভিন্ন বাজার। বিশেষ করে ভবানীগঞ্জ বাজারে চোখে পড়ছে স্যান্টাক্লজের টুপি, ক্রিসমাস ট্রি, ঝলমলে লাইট, নানা রকম গিফট ও সাজসজ্জার সামগ্রী। গত ১০–১২ দিন ধরেই পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, আর ক্রেতাদের ভিড়ও বাড়ছে দিন দিন।
এ বছর বড়দিনকে ঘিরে বাজারে এসেছে বেশ কিছু নতুন ধরনের সাজসজ্জার সামগ্রী, যা ক্রেতাদের আকর্ষণ করছে। শিশু থেকে বড়দের জন্য বিভিন্ন ডিজাইনের উপহার, কৃত্রিম ট্রি, ডেকোরেশন আইটেম ও আলো বিক্রি হচ্ছে।ভবানীগঞ্জ বাজারে ১০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রিসমাস সামগ্রী পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীদের আশা, বড়দিন যত এগিয়ে আসবে ততই বাড়বে বিক্রি। অন্যদিকে উৎসবের আনন্দে মেতে উঠেছেন সাধারণ মানুষও। ক্রিসমাসকে কেন্দ্র করে কোচবিহার শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।





