কোচবিহার, ১০ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের মতো সংগঠন গোছাতে তৎপর হয়ে উঠেছে কংগ্রেস সেবাদল। মঙ্গলবার কোচবিহারে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই জেলার কংগ্রেস সেবাদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের নেতারা জানান, জেলার ১৩টি ব্লকের জন্য নতুন করে ব্লক সভাপতিদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলা থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের আগে দলীয় সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করে তোলাই তাদের মূল লক্ষ্য বলে জানানো হয়।
সাংবাদিক বৈঠকে কংগ্রেস সেবাদলের নেতারা বলেন, আগামী দিনে সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ব্লক ও বুথ স্তরে কর্মীদের সক্রিয় করতে একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক বৈঠকের পাশাপাশি তাদের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকও রয়েছে। সেই বৈঠকে জেলার বিভিন্ন ব্লক থেকে আসা নেতৃবৃন্দ অংশ নেবেন এবং ভবিষ্যৎ কর্মসূচি ও সংগঠন বিস্তারের রূপরেখা নিয়ে আলোচনা করবেন।
কংগ্রেস সেবাদলের নেতৃত্বের দাবি, তৃণমূল ও বিজেপির পাশাপাশি তারাও আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের শক্তি বাড়াতে সংগঠনকে আরও সক্রিয় করতে চাইছে। তাই তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।





