শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বর: ট্রাফিক সামলানোর দায়িত্ব তাঁদের। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শহরের ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন পুলিশকর্মীরা। এ বার সেই ট্রাফিককর্মীদের জন্যই আরও একটু স্বস্তির ব্যবস্থা। সংস্কারের পরে নতুন রূপ পেল শিলিগুড়ির ভক্তিনগর ট্রাফিক গার্ডের একটি বুথ। আর সেই নতুন বুথের দরজা খুলল স্কুলপড়ুয়াদের হাত ধরে।
বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন শহীদনগরের বিশ্বনাথ সিং মোড়ে উদ্বোধন হল সংস্কার করা ট্রাফিক বুথটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্র্যাফিক কাজী সামসুদ্দিন আহমেদ, এসিপি ট্র্যাফিক সুবীর দত্ত, ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি অমর্ত্য চক্রবর্তী-সহ ট্রাফিক বিভাগের আধিকারিকেরা।
অনুষ্ঠানের শুরুতেই ট্রাফিক পুলিশের আধিকারিকদের উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তার পরেই এল দিনের বিশেষ মুহূর্ত। ফিতে কাটার দায়িত্ব তুলে দেওয়া হয় স্কুলপড়ুয়াদের হাতে। তাদের হাত ধরেই নতুন করে পথচলা শুরু করল ভক্তিনগর ট্রাফিক বুথ।
শুধু চেহারায় বদল নয়, নতুন বুথে রয়েছে প্রয়োজনীয় পরিকাঠামোও। দু’টি ঘরের পাশাপাশি রয়েছে একটি শৌচালয়। ট্রাফিক বিভাগের দাবি, শিলিগুড়ি শহরের ট্রাফিক বুথগুলির মধ্যে শৌচালয়ের সুবিধা-সহ এটিই প্রথম। ফলে দীর্ঘ সময় রাস্তায় দায়িত্ব পালন করা ট্রাফিককর্মীদের জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষ করে মহিলা ট্রাফিককর্মীদের ক্ষেত্রে এই সুবিধা বাড়তি স্বস্তি দেবে বলে মনে করছেন ট্রাফিক বিভাগের আধিকারিকেরা। এত দিন দায়িত্ব পালনের সময়ে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব যে সমস্যার কারণ হয়ে দাঁড়াত, নতুন বুথে তার কিছুটা সুরাহা হবে বলেই আশা।
শহরের ব্যস্ততম এলাকাগুলির অন্যতম বিশ্বনাথ সিং মোড়। ফলে নতুন বুথ চালু হওয়ায় সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ আরও সংগঠিত হবে বলে মনে করছে বিভাগ। শহরের যান চলাচলকে আরও মসৃণ করতে পরিকাঠামোগত উন্নয়নের এই উদ্যোগ আগামী দিনে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।





