জলপাইগুড়ি, ৫ ডিসেম্বরঃ ডুয়ার্সের বানারহাট ব্লকের চানাডিপা এবং মধ্য শালবাড়ি অঞ্চলে বন্যহাতির তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের। জঙ্গলে খাদ্যের অভাব দেখা দেওয়ায় রাত নামলেই হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে কৃষকদের সারা বছরের সঞ্চিত ধান ও খাদ্যশস্য বিপুল ক্ষতির মুখে পড়েছে।
শীতের শুরুতে ধান কাটার মৌসুম শেষ। কেউ ধান বাড়িতে তুলেছেন, কেউ বিক্রি করেছেন, আবার কেউ সারা বছরের জন্য খাদ্য মজুত করে রেখেছেন। কিন্তু একের পর এক হাতির হামলায় সেই পরিশ্রম মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাঠে ফসল না থাকলেও, বাড়িতে সংরক্ষিত ধান ও অন্যান্য খাদ্যের গন্ধেই হাতির দল ঘরে ঘরে হানা দিচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।
বৃহস্পতিবার গভীর রাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। একটি দলছুট বন্যহাতি চানাডিপা ও মধ্য শালবাড়ি এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। ফেরার পথে হাতিটি এক স্থানীয় বাসিন্দার মোটরবাইকের সামনে এসে পড়ে এবং মুহূর্তে বাইকটি ভেঙে চুরমার করে দেয়। সৌভাগ্যবশত, বাইক আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এছাড়াও আরেক কৃষক রাতের বেলায় জমিতে ট্র্যাক্টর নিয়ে চাষ করছিলেন। হঠাৎ সেই হাতি ট্র্যাক্টরের দিকে তেড়ে এলে আতঙ্কে প্রাণ বাঁচাতে ট্র্যাক্টর ফেলে দৌড়ে পালান তিনি। এলাকাবাসীর দাবি, প্রায় প্রতিদিনই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ফলে গ্রামজুড়ে নেমে এসেছে আতঙ্কের ছায়া রাতে আলো জ্বেলে পাহারা দিচ্ছেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। তারা হাতিটিকে জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি সামাল দেন। তবে স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সমাধানের অভাবে বারবার একই সমস্যা তৈরি হচ্ছে।





