কোচবিহার, ২৪ মার্চঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহার জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণের আগে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে মঙ্গলবার বিকেলে শহরে আয়োজিত হল জোরদার রুট মার্চ, যা ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।
কোচবিহার শহরের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এই রুট মার্চ। এরপর শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও জনবহুল এলাকা পরিক্রমা করে দেশবন্ধু মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় এই কর্মসূচি। রুট মার্চ চলাকালীন কড়া নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। রাস্তার দুই পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে এই টহল পর্ব প্রত্যক্ষ করেন, যা তাঁদের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেয়।
এই রুট মার্চে নেতৃত্ব দেন কোচবিহার জেলার পুলিশ সুপার জাসপিত সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা এবং স্পর্শকাতর বলে চিহ্নিত অঞ্চলে বিশেষ নজরদারি চালানো হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটারদের মধ্যে আস্থা বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যাতে ভোটের দিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্যই এই ধরনের রুট মার্চ করা হচ্ছে।





