কোচবিহার, ২০ নভেম্বরঃ রাসমেলার আনন্দে যাতে পরিবহণের সমস্যা বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য বিশেষ উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি)। কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা উপলক্ষে এ বার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রুটে গভীর রাত পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ রুটেই রাত ১১টা পর্যন্ত কোচবিহার শহরের বাসস্ট্যান্ড থেকে মিলবে বাস। ইতিমধ্যে শেষ বাস ছাড়ার সময় জানিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার লাগানোর কাজ শুরু করেছে নিগম কর্তৃপক্ষ।
এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানিয়েছেন, রাসমেলায় কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের সমাগম হয়। তাঁদের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ করতেই এই বিশেষ পরিষেবার সিদ্ধান্ত। নিগম সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার, মাথাভাঙা, দিনহাটা, তুফানগঞ্জ এবং ফালাকাটার জন্য শেষ বাস ছাড়বে রাত ১১টায়। জোড়াইয়ের জন্য শেষ বাস রাত ১০টায়। মেখলিগঞ্জ ও সিতাইয়ের জন্য রাত সাড়ে ৯টায় এবং বক্সিরহাটের জন্য রাত ১০টায় ছাড়বে শেষ বাস।
অন্য দিকে, রাসমেলার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার মদনমোহন বাড়ি এবং রাসমেলার মাঠ পরিদর্শন করেন প্রশাসন ও পুলিশের একটি প্রতিনিধি দল। জেলাশাসক জিতিন যাদব এবং পুলিশ সুপার মণীষ জোশির নেতৃত্বে ওই দলে ছিলেন প্রশাসনের আধিকারিক ও পুলিশকর্তারা। মেলার মাঠে নিরাপত্তা, দর্শনার্থীদের যাতায়াত এবং সামগ্রিক আয়োজনের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।
এ বার রাসমেলায় আকর্ষণের তালিকায় থাকছে নতুন সংযোজনও। প্রথম বার সাগরদিঘিতে আয়োজন করা হচ্ছে আরতির। পাশাপাশি থাকছে অত্যাধুনিক আলো ও শব্দের প্রদর্শনী, লেজার শো এবং আতশবাজির আয়োজন। উৎসবের আবহ তৈরি করতে সাজিয়ে তোলা হচ্ছে কোচবিহার শহরকেও। শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
পরিবহণের বাড়তি ব্যবস্থা থেকে শুরু করে আলো-শব্দের বিশেষ আয়োজন সব মিলিয়ে এবার রাসমেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে তৎপর প্রশাসন ও এনবিএসটিসি।





