আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩

Published on: May 8, 2026
---Advertisement---

মালদা, ৮ মেঃ মালদা শহরের ব্যস্ততম রথবাড়ি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস ডিভাইডারের পথবাতির খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাসচালক-সহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে মালদা শহরের দিকে আসছিল বেসরকারি বাসটি। রথবাড়ি এলাকায় ঢোকার কিছু আগেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসচালক। এরপর রথবাড়ির জেব্রা ক্রসিংয়ের কাছে রাস্তার ডিভাইডারে থাকা পথবাতির খুঁটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের অভিঘাতে বাসের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর বাসের ভিতরে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে নামার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন তরজিনা বিবি, বাসুদেব কর্মকার এবং সিকান্দার আলি। তরজিনা বিবির বাড়ি মালতিপুরে, বাসুদেব কর্মকারের বাড়ি পুরাতন মালদায় এবং সিকান্দার আলির বাড়ি চাঁচলের সালালপুর এলাকায়। গুরুতর আহত বাসচালকের নাম এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। বর্তমানে আহত তিনজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, সামান্য আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে সমস্যা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসচালকের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘন ঘন জাতীয় সড়কে দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শহরের ব্যস্ত এলাকায় অনেক সময়ই বেপরোয়া গতিতে বাস চলাচল করে। প্রশাসনের তরফে আরও কড়া নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি তুলেছেন তাঁরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment