শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ ফের মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিলিগুড়ি থানার খালপাড়া ফাঁড়ির পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ বিট্টু নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবক ডাঙ্গিপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় মোহাম্মদ বিট্টুকে। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩৭০ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।
পুলিশের দাবি, এই মাদক হাতবদলের আগেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ফলে একটি বড় চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবক একা কাজ করছিল নাকি এর পিছনে আরও কেউ জড়িত, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
মাদক পাচার রুখতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নিয়মিত অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকাগুলিকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা চলছে, তাই নজরদারি আরও বাড়ানো হয়েছে।
ধৃত মোহাম্মদ বিট্টুকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





