কাটোয়া, ৫ অক্টোবরঃ ‘সুন্দরী ও শিক্ষিত মহিলাদের দলে না আনলে পুরনো মহিলা কর্মীদের ছাঁটাই করে দেওয়া হবে।’ বিজেপির কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথের বিরুদ্ধে এমনই মন্তব্যের অভিযোগ তুলে এ বার প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়লেন দলেরই একাংশ। রবিবার রাতে কাটোয়া শহরে দলীয় কার্যালয়ের সামনে সুমনকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপির মহিলা ও পুরুষ নেতা-কর্মীদের একাংশ। ওঠে নগর সভাপতির পদত্যাগের দাবিও।
বিক্ষোভকারীদের অভিযোগ, দলের পুরনো মহিলা নেতা-কর্মীদের গুরুত্ব না দিয়ে ‘সুন্দরী ও শিক্ষিত’ মহিলাদের দলে এনে তাঁদের বিভিন্ন দায়িত্ব দেওয়ার কথা বলেছেন সুমন। এমনকি দলীয় কর্মসূচিতেও দীর্ঘদিনের মহিলা কর্মীদের যথাযথ সম্মান না দিয়ে সম্প্রতি দলে যোগ দেওয়া মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ কাটোয়া শহরে বিজেপির নগর সভাপতির কার্যালয়ের সামনে জড়ো হন দলের বেশ কয়েক জন নেতা-কর্মী। সেই সময় কার্যালয়েই ছিলেন সুমন। তাঁকে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলের মহিলা নেত্রী ও কর্মীদের একাংশ। রাত পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, শুধু মহিলাদের নিয়ে মন্তব্যই নয়, সুমনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার বিজেপির অন্দরের কোন্দল আরও প্রকাশ্যে চলে এল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ, এই ঘটনার কয়েক দিন আগেই কাটোয়ার বিএলআরও দফতরের এক কর্মীর কাছে পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল সুমন-সহ বিজেপির পাঁচ নেতার বিরুদ্ধে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বার মহিলা কর্মীদের নিয়ে মন্তব্যের অভিযোগে তাঁকে ঘিরে দলেরই একাংশের বিক্ষোভ নতুন করে অস্বস্তি বাড়াল।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুমন। তাঁর বক্তব্য, কোনও অভিযোগ থাকলে দলের কোর কমিটি এবং উচ্চ নেতৃত্বকে জানানো উচিত। তাঁকে হেনস্থা করে বিষয়টি প্রকাশ্যে এনে রাজনৈতিক প্রচার করা হচ্ছে বলেও দাবি তাঁর। সুমনের কথায়, এ ভাবে তাঁকে ভয় দেখানো বা চমকানো যাবে না। ঘটনা নিয়ে বিজেপির উচ্চ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে কাটোয়ায় দলের অন্দরের এই প্রকাশ্য বিক্ষোভে স্থানীয় বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।





