মালদা, ৩১ মার্চঃ নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক অশান্তির সাক্ষী রইল মালদা জেলা। চাঁচল থানার শাহবাজপুর গ্রামে কংগ্রেস নেতার উপর নৃশংস হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা নাশেদা খাতুনের স্বামী তথা কংগ্রেস নেতা মর্তুজ আলম।
পরিবারের অভিযোগ, কয়েকজন অভিযুক্ত তাঁর বাড়িতে ঢুকে তাঁকে জোর করে বাইরে টেনে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করে। লোহার রড ও পাঞ্জা দিয়ে মাথায় আঘাত করা হয় বলে দাবি। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, তাঁর চোখেও মারাত্মক চোট লেগেছে এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
আহত নেতার স্ত্রী নাশেদা খাতুনের দাবি, এলাকায় কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। যদিও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি, তবুও সন্দেহের বশেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর।
ঘটনার পর হাসপাতালে ছুটে যান জেলা কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ, তৃণমূলের পরিকল্পিত হামলার শিকার হয়েছেন তাঁদের নেতা। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল, তৃণমূলের কোনও যোগ নেই। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।





