মাথাভাঙ্গা, ২৭ সেপ্টেম্বর : সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ। রক্তের সংকট মোকাবিলায় মাথাভাঙ্গায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারত সেবাশ্রম সংঘ। রবিবার মাথাভাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
জানা যায়, এদিন মোট ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত পরবর্তীতে মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকে পাঠানো হবে। মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকের উপর শুধু মাথাভাঙ্গা নয়, পার্শ্ববর্তী শীতলকুচি ও মেখলিগঞ্জ এলাকার হাসপাতালগুলিও অনেকাংশে নির্ভরশীল। ফলে রক্তের জোগান স্বাভাবিক রাখতে এই ধরনের রক্তদান শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
ভারত সেবাশ্রম সংঘ মাথাভাঙ্গা হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রক্তের সংকটের বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুমূর্ষু রোগীদের প্রয়োজনে যাতে সময়মতো রক্তের জোগান দেওয়া যায়, সেই লক্ষ্যেই সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করা হচ্ছে।
তবে শুধু রক্তদান নয়, এদিনের কর্মসূচিতে পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয়। রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষার এই উদ্যোগকে ঘিরে শিবিরে বিশেষ বার্তা উঠে আসে।
রক্তদান ও বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দেওয়াই এদিনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা।





