শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ শহরের ঝংকার মোড় এলাকায় এক যুবককে গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত সৌরভ বসু সরকার, যিনি বিজেপি যুব মোর্চার নেতা বলে অভিযোগ।
অভিযোগকারী নীরজ কুমার সাহা জানান, গত ৭ এপ্রিল রাত প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি সাদা বোলেরো গাড়ি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। তাঁর দাবি, ঘটনাটি ইচ্ছাকৃত এবং ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান।
স্থানীয়দের সহায়তায় জ্ঞান ফেরার পর তিনি দেখেন, অভিযুক্ত ও তাঁর সহযোগীরা গাড়ি থেকে নেমে আসেন। অভিযোগ, তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং আহত অবস্থায় তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে গালিগালাজ করেন। পরে পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সরে যান বলে দাবি নিরাজের। পরবর্তীতে বন্ধুর সহায়তায় তাঁকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত ফোনে বারবার প্রাণনাশের হুমকি দেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান। এই ঘটনায় শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সৌরভ বসু সরকার। তাঁর দাবি, ঘটনাটি পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, স্কুটিচালক ট্রাফিক নিয়ম ভেঙে নিজেই দুর্ঘটনার শিকার হন। পাশাপাশি আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টার কথাও দাবি করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। এখন তদন্তের অগ্রগতি এবং পুলিশের পদক্ষেপের দিকেই নজর সবার।





