শীতলকুচি, ২৫ মেঃ শীতলকুচিতে ফের রাজনৈতিক উত্তেজনার আবহ। বিজেপি নেতার গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় আহত হন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা জেলা কমিটির আমন্ত্রিত সদস্য পবিত্র বর্মণ। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আঁকড়াহাট বাজার সংলগ্ন একটি বুথে বিজয় মিছিল ও খাওয়া-দাওয়ার অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন পবিত্র বর্মন। অভিযোগ, গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছাতেই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকে দেওয়া হয়। এরপর আচমকাই তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।
পবিত্র বর্মনের অভিযোগ, প্রাণ বাঁচাতে তিনি গাড়ি থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এই ঘটনার পিছনে বিজেপিরই ৫ নম্বর মণ্ডলের বর্তমান সভাপতি পবিত্র অধিকারীর হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পবিত্র বর্মণ। তাঁর বক্তব্য, পুরো ঘটনাই সাজানো এবং তাঁকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেও দাবি করেছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হলেও তা উড়িয়ে দিয়েছেন শীতলকুচি বিধানসভার কনভেনার কনক চন্দ্র বর্মন। তিনি জানান, দলের মধ্যে কোনও গোষ্ঠীকোন্দল নেই এবং প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
এদিকে শীতলকুচির বিধায়ক সাবিত্রী বর্মন জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।





