কোচবিহার, ৫ মে: বিধানসভা নির্বাচনে জয়ের পর কোচবিহারের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানালেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন। পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবিও তোলেন তিনি।
অভিজিৎ বর্মন বলেন, “জয়ের পর থেকেই জেলার বিভিন্ন জায়গায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। কোথাও কোথাও তাণ্ডবের খবর মিলছে। কিন্তু কারা এই কাজ করছে, তা স্পষ্ট নয়।” তিনি আরও জানান, কিছু এলাকায় জোর করে টাকা চাওয়ার অভিযোগ এসেছে। তাঁর স্পষ্ট বার্তা, “কেউ যদি টাকা-পয়সা দাবি করে, কোনওভাবেই তা দেবেন না।”
জেলা সভাপতির দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই এবং দল কখনওই অশান্তিকে সমর্থন করে না। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, জেলার একাধিক এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শীতলকুচি বাজার, পঞ্চারহাট বাজার, নাগর শোভাগঞ্জ বাজার এলাকায় দোকান, খামার ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
দিনহাটার পুটিমারি গ্রাম পঞ্চায়েত এলাকা, বুড়িরহাট, নাজিরহাট, চৌধুরীর হাট, সিতাইয়ের বিভিন্ন জায়গায়ও উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতে কয়েকটি বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এমনকি কোচবিহার শহরের ৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দা শুভময় সাহার বাড়িতেও হামলার অভিযোগ সামনে এসেছে।
এই পরিস্থিতিতে অভিজিৎ বর্মন জানান, কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের তরফে স্পষ্ট নির্দেশ রয়েছে কোনওভাবেই অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
রাজনৈতিক পালাবদলের আবহে কোচবিহারে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও সব রাজনৈতিক দলের দায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।





