মালদা, ২৫ মার্চঃ ভোটের আবহে মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কালিয়াচক থানার পুলিশের পরপর দু’টি অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হওয়ার পাশাপাশি তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলাজুড়ে।
বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিংহ এক প্রেস বিবৃতিতে জানান, মঙ্গলবার রাতে পৃথক দুটি বিশ্বস্ত সূত্রে ব্রাউন সুগার পাচারের খবর পায় কালিয়াচক থানার পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান শুরু করা হয়।
প্রথম অভিযান চালানো হয় কালিয়াচকের শাহবাজপুর এলাকায়। সেখানে তল্লাশি চালিয়ে ৫০২ গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আব্দুল রহমান (৩২)। তাঁর বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায় বলে জানা গিয়েছে।
এরপর দ্বিতীয় অভিযানে আরও বড় সাফল্য আসে পুলিশের হাতে। প্রায় এক কেজি ব্রাউন সুগার সহ আরও দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সমীর নাদাপ এবং মহম্মদ ইব্রাহিম। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও বাজারমূল্য নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এত বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার জন্য শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।
নির্বাচনের আগে এই ধরনের সাফল্য প্রশাসনের তৎপরতা ও নজরদারিরই প্রমাণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পুলিশ সূত্রে দাবি, আগামীতেও এই ধরনের অভিযান জারি থাকবে এবং মাদক পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।





