শিলিগুড়ি, ১৪ মেঃ শিলিগুড়িতে বড়সড় ডাকাতির ছক বানচাল করে উল্লেখযোগ্য সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। বুধবার গভীর রাতে লিম্বু বস্তি সুইমিং পুল সংলগ্ন এলাকায় একদল যুবক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।
সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেতেই কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের নাম সঞ্জয় বিশ্বাস (ফাফরি), বিনোদ প্রধান (প্রধান নগর), রনি দাস (সমর নগর), রাজু শিংগো (লিম্বু বস্তি) এবং বিজয় মাহাতো (বিবেকানন্দ নগর)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় বড় ধরনের অপরাধের পরিকল্পনা করছিল ওই দলটি। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িত পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





