নাওদা, ৫ এপ্রিলঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে রায়নার জনসভা থেকে দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের ভেতরে কোনওরকম ‘বিশ্বাসঘাতকতা’ বরদাস্ত করা হবে না এবং যারা গোপনে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে দলকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কড়া নজর রাখা হচ্ছে।
সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “দল সবার উপর নজর রাখে। কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে দলকে দুর্বল করার চেষ্টা চলছে। ৪ তারিখ দেখা হবে।” একইসঙ্গে তিনি কর্মীদের লক্ষ্য ঠিক করে দেন রায়না কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে অন্তত ৫০ হাজার ভোটে জয়ী করতে হবে।
উল্লেখ্য, এর আগে নওদায় অভিষেকের সভার আগে প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।
সেই প্রেক্ষাপটে এদিনের বার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিষেক কর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে দলের নির্দেশ মেনে চলতে হবে।
রায়না কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মন্দিরা দলুইয়ের প্রশংসা করে অভিষেক বলেন, তিনি “মাটির মেয়ে” এবং দু’বারের নির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব।
সভা থেকে বিরোধীদেরও একযোগে আক্রমণ করেন অভিষেক। সিপিএমের অতীত সন্ত্রাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষ সেই সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করে তিনি বলেন, ওই দলের প্রার্থীকে মানুষ চেনেন না এবং তারা জনবিরোধী নীতি অনুসরণ করে।
কৃষকদের প্রসঙ্গ টেনে অভিষেক অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নীতির ফলে গোবিন্দভোগ চালের রপ্তানি বন্ধ হয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে ভোটের পর রায়নায় উন্নয়নের কাজ আরও গতি পাবে বলেও আশ্বাস দেন তিনি।





