জলপাইগুড়ি, ৩১ ডিসেম্বর : বুনো হাতির তাণ্ডবে ভাঙল শোয়ার ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গৃহকর্তা বানারহাট ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শালবাড়ি মধ্যপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার গভীর রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল হাতি। রাতভর গ্রাম এলাকায় ঘোরাঘুরির পর বুধবার ভোরের আলো ফুটতেই জঙ্গলে ফেরার পথে একটি শোয়ার ঘরে তাণ্ডব চালায় হাতিটি। সেই সময় ঘরের ভিতরে শুয়ে ছিলেন বাড়ির গৃহকর্তা শ্যামল রায় উড়াও।
পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন। ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। শীতের দাপটে সাধারণত বাসিন্দারাও রাতের বেলায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হন না এই সুযোগকেই কাজে লাগায় হাতিটি।হাতির আক্রমণে শোয়ার ঘরটি সম্পূর্ণ ভেঙে যায়।পরে তাণ্ডব চালিয়ে হাতিটি মরারঘাট জঙ্গলের দিকে ফিরে যায়।
এলাকায় একের পর এক বাড়িঘর ভাঙচুরের ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি হাতির তাণ্ডবে একাধিক কৃষিজমির ফসল নষ্ট হয়েছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।





