কলকাতা, ১৩ মেঃ প্রাক্তন মোহনবাগান সুপার জায়ান্ট সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বোস-এর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রীড়ামহল। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। একইসঙ্গে সমবেদনা জানান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি-ও।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব ও প্রাক্তন সাংসদ স্বপনসাধন বোসের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। শোকাহত পরিবার ও অনুরাগীদের প্রতি জানাই গভীর সমবেদনা।” অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফেও পৃথকভাবে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন টুটুবাবু। সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছেছিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে-ও হাসপাতালে যান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-ও তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
কিন্তু মঙ্গলবার গভীর রাতে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন টুটুবাবু। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় তিন দশক ধরে মোহনবাগান সুপার জায়ান্ট প্রশাসনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিনি। বহু কঠিন সময় সামলে ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান আজও স্মরণীয়। ক্রীড়ামহলের মতে, কলকাতা ময়দানে অজাতশত্রু ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত ছিলেন টুটুবাবু।





