শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ ট্রেনে করে বিহারে বেআইনি ভাবে মদ পাচারের চেষ্টা ভেস্তে দিল জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৬০ বোতল বিয়ার-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশাল কুমার (২৬) এবং গৌতম রায় (৪২)। বিশাল বিহারের কাঠিহারের জোড়াবগঞ্জ এলাকার বাসিন্দা। অন্য দিকে, গৌতম রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার বাসিন্দা।
জিআরপি সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৩ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালান সাদা পোশাকের পুলিশকর্মীরা। সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই দু’জনকে। তাঁদের আটক করে তল্লাশি চালাতেই মেলে মদের বোতল।
পুলিশ জানিয়েছে, ধৃতদের সঙ্গে থাকা স্কুলব্যাগ এবং ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ৬০ বোতল বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ট্রেনে করে ওই বিয়ার বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে অভিযোগ।
এর পরেই দু’জনকে গ্রেফতার করে জিআরপি। তাঁদের জিআরপি দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, কোথা থেকে বিয়ারগুলি সংগ্রহ করা হয়েছিল এবং বিহারে কার কাছে সেগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে জিআরপি। পাচারচক্রের সঙ্গে ধৃতদের কোনও পুরনো যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।





