বারাসত, ১৬ জুলাইঃ মাদ্রাসা নির্মাণের নামে বিদেশি অনুদানের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফের তদন্তের জাল বিস্তার করল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুরে তৃণমূল নেতা আব্দুল্লা গাজীর বাড়িতে তল্লাশি চালায় এটিএস। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তকারী সূত্রের দাবি, মাদ্রাসা নির্মাণের উদ্দেশ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ আব্দুল্লা গাজীর অ্যাকাউন্টে এসেছে বলে তথ্য মিলেছে। অভিযোগ, বিদেশি অনুদানের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে একাধিক অসঙ্গতি সামনে এসেছে। আর্থিক লেনদেন, অনুদানের উৎস এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান বলে তদন্তকারী মহলের দাবি।
সূত্রের খবর, একই অভিযোগে প্রায় দু’বছর আগেও আব্দুল্লা গাজীকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ এটিএস। সেই মামলার তদন্ত এখনও চলছে। সম্প্রতি নতুন কিছু তথ্য তদন্তকারীদের হাতে আসার পরই তাঁকে ফের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সূত্রেই এদিন ভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন এটিএস আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে বাড়ির বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়।
এটিএসের এই অভিযানে তদন্তের পরিধি আরও বড় হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত। হাসনাবাদের পাশাপাশি হাড়োয়া-সহ রাজ্যের আরও কয়েকটি জায়গাতেও তল্লাশি চলছে বলে খবর। তদন্তে উত্তরপ্রদেশ এটিএসের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরাও যুক্ত রয়েছেন বলে সূত্রের দাবি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
সকালের এই অভিযানের জেরে রামেশ্বরপুর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। স্থানীয় পুলিশও ঘটনাস্থলে মোতায়েন থাকে। তদন্তকারীরা বাজেয়াপ্ত নথি ও আর্থিক তথ্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানা গিয়েছে। অভিযোগের সত্যতা এবং সম্ভাব্য জঙ্গি-যোগ দুই দিকই সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী সূত্রের দাবি।





