দিনহাটা, ১৬ ফেব্রুয়ারিঃ গভীর রাতে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল দিনহাটা পুলিশ। ভেটাগুড়ির ওয়েলকাম এলাকায় হানা দিয়ে ২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিয়ার রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি আটিয়াবাড়ি এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, দিনহাটা ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সক্রিয় মাদক চক্র কাজ করছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। সেই চক্রের সঙ্গে আতিয়ার রহমান জড়িত বলে অভিযোগ। তাকে বড় মাপের ড্রাগ ডিলার হিসেবেই চিহ্নিত করা হয়েছিল এবং বেশ কিছুদিন ধরেই তার গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল।
গত গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভেটাগুড়ি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আতিয়ার রহমানকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার হয় ২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে আদালতে তোলা হয় এবং ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আদালত কতদিনের হেফাজত মঞ্জুর করেছে, তা জানা যায়নি।
পুলিশের দাবি, এই গ্রেফতারের মাধ্যমে দিনহাটায় সক্রিয় বড় মাদক চক্রের হদিস মিলতে পারে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কয়েকজনের নাম সামনে আসার সম্ভাবনা রয়েছে। দিনহাটাকে মাদকমুক্ত করতে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।





