কোচবিহার, ১৮ ডিসেম্বরঃ চিকিৎসার পাশাপাশি রোগীদের পুষ্টির দিকেও বিশেষ নজর দিচ্ছে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই সরকারি হাসপাতালে প্রতিদিন প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে খাবারের পরিষেবা প্রদান করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে উপকৃত হচ্ছেন রোগী ও তাঁদের পরিবারবর্গ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রতিদিন সকালে টিফিন এবং দুপুর ও রাতে দু’ বেলা সুস্বাদু ও পুষ্টিকর খাবার দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে রোগীদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই খাবারের মেনু তৈরি করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রান্না করা এই খাবার সময় মতো রোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জানান, “আমাদের সময় মতো টিফিন ও খাবার দাবার দেওয়া হয়। বাইরের খাবারের উপর নির্ভর করতে হয় না। এতে অনেক উপকার হচ্ছে। খাবার পেয়ে আমরা খুব খুশি।”
অনেক দরিদ্র ও দূরদূরান্ত থেকে আসা রোগীর পরিবার আর্থিক সমস্যার মধ্য দিয়ে দিন কাটান। তাঁদের কাছে এই বিনামূল্যের খাবার পরিষেবা বড় সহায়ক হয়ে উঠেছে। ফলে রোগীর পাশাপাশি মানসিক স্বস্তি পাচ্ছেন পরিবারের সদস্যরাও।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই পরিষেবার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। রোগীদের স্বাস্থ্যোন্নয়নে পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কর্তৃপক্ষ। চিকিৎসার সঙ্গে সঙ্গে মানবিক দায়বদ্ধতার দিকটিও সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই উদ্যোগে খুশি রোগী ও তাঁদের পরিবার। সরকারি হাসপাতালে এমন পরিষেবা আরও বিস্তৃত হোক, সেই দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে।





