খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ নতুন বছরের শুরুতেই এক ঘোষণায় কার্যত স্তব্ধ হয়ে গেল ভারতীয় সংগীতজগৎ। কোটি কোটি অনুরাগীর আবেগে ধাক্কা দিয়ে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং জানিয়ে দিলেন, প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি আর কোনও নতুন কাজ গ্রহণ করবেন না। অর্থাৎ সিনেমার পর্দায় তাঁর সেই চেনা, আবেগঘন কণ্ঠে নতুন গান শোনার সম্ভাবনা আপাতত বন্ধ হতে চলেছে।
নতুন বছরের শুভেচ্ছাবার্তায় অরিজিৎ লেখেন, “সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। গত কয়েক বছরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে জানাতে চাই, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এখানেই আমি ইতি টানছি। এই যাত্রাটা সত্যিই দুর্দান্ত ছিল।” তাঁর এই সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় জল্পনার ঝড়।
এই ঘোষণায় হতবাক গোটা সংগীত ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউড থেকে টলিউড প্রায় সব ভাষার সিনেমাতেই হিট গানের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন অরিজিৎ। প্রেম, বিরহ কিংবা আশা সব অনুভূতির সুর হয়ে উঠেছিল তাঁর কণ্ঠ। অগণিত জনপ্রিয় গান তাঁকে এনে দিয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা এবং শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা।
তবে আচমকা এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। অনেকে মনে করছেন, সিনেমার গানের বদলে এবার স্বাধীন সংগীত বা লাইভ কনসার্টেই বেশি মনোযোগ দেবেন তিনি। আবার কারও মতে, ব্যক্তিগত কারণও থাকতে পারে এই সিদ্ধান্তের পিছনে।
‘আশিকি ২’ ছবির কালজয়ী গান ‘তুম হি হো’ অরিজিৎ সিংয়ের কেরিয়ারে এক মোড় ঘুরিয়ে দেয়। এই গানই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। হিন্দির পাশাপাশি বাংলা, তামিল, তেলেগু, মারাঠি ও কন্নড়সহ একাধিক ভাষায় গান গেয়ে নিজের বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তিন শতাধিক ছবিতে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন অরিজিৎ। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে আজ তিনি ভারতীয় সংগীতজগতের অন্যতম শীর্ষ তারকা এই ঘোষণার পরেও সেই সত্য অটুটই রইল।





