কাঁচরাপাড়া, ১৯ জুনঃ কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুল থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় নতুন মোড়। প্রথম দফার তল্লাশিতে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধারের পাঁচদিন পর ফের একই স্কুলে অভিযান চালিয়ে আরও ৮ লক্ষ টাকা উদ্ধার করেছে বীজপুর থানার পুলিশ। পরপর দু’দফায় বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং টাকার উৎস নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন রাতে কাঁচরাপাড়ার ওই বেসরকারি স্কুলে প্রথমবার অভিযান চালানো হয়। তল্লাশির সময় স্কুল চত্বর থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ঘটনায় স্কুলের অ্যাকাউন্ট্যান্ট অভীক নাগ এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সায়ন পালকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে।
সেই সূত্র ধরেই গত ১৫ জুন ফের দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে স্কুলে তল্লাশি চালানো হয়। দ্বিতীয় দফার অভিযানে আরও ৮ লক্ষ টাকা উদ্ধার হয়। ফলে মোট উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮৫ লক্ষ টাকায়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কীভাবে জমা রাখা হয়েছিল এবং তার প্রকৃত উৎস কী।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস অভিযোগ করেছেন, এই বিপুল অর্থের নেপথ্যে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী-র ভূমিকা থাকতে পারে। তাঁর দাবি, শুধু একটি স্কুল নয়, আরও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে টাকা লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে।
বিধায়কের বক্তব্য, দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই বিপুল অর্থের উৎস এবং সম্ভাব্য ‘কালো টাকার’ চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। যদিও অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।





