শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে আবারও ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার গভীর রাতে লোকনাথ বাজার এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে যায় একটি পিকআপ ভ্যান। রাতের নিস্তব্ধতা ভেঙে তীব্র শব্দে চমকে ওঠে আশপাশের বাসিন্দারা। ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিঘর থেকে জলেশ্বরীর দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সেই সময় হঠাৎই উল্টো দিক থেকে একটি টোটো চলে আসে। ভুল লেনে আসা টোটোটিকে দেখে সেটিকে এড়াতে গিয়েই চালক দিকচ্যুত হন। প্রথমে গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণভাবে উল্টে যায়।
অবশ্যই পড়ুন: ৫৩ স্কুলকে পড়ুয়া পিছু ৫০০০ টাকার জরিমানা পর্ষদের
দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ছুটে এসে দেখেন, পিকআপ ভ্যানের চালক ভয় পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে গেছে। টোটোচালকও ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালিয়ে যায়। ফলে দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পুলিশকে নির্ভর করতে হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ ও আশিঘর ট্রাফিক গার্ডের অফিসাররা। রাস্তার মাঝখানে উল্টে থাকা গাড়ির কারণে যান চলাচল সম্পূর্ণ আটকে যায়। পুলিশ তৎক্ষণাৎ ব্যারিকেড বসিয়ে বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা করে। পরে ক্রেন ডেকে এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় উল্টে থাকা পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে রাস্তা থেকে সরানো হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক ট্রাফিক শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন এই এলাকায় পথবাতির অভাব এবং রাস্তার স্পষ্ট চিহ্ন না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, টোটোর উল্টো দিকের অনিয়মিত চলাচলও বড় ধরনের বিপদের কারণ হয়ে উঠেছে। প্রশাসনের কাছে তাঁদের আবেদন অবিলম্বে এলাকায় সঠিক আলো, ট্রাফিক সাইন এবং নজরদারির ব্যবস্থা করা হোক।
ইস্টার্ন বাইপাসে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হবে এবং পলাতক দু’জন চালকের সন্ধানেও তল্লাশি চলছে।





