কোচবিহার, ৩ জুন: সারা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের শুভ সূচনা ভার্চুয়াল মাধ্যমে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, একাধিক মন্ত্রী এবং বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি জেলার বিভিন্ন ব্লক, পুরসভা এবং প্রশাসনিক কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং প্রকল্পের উপভোক্তারা।
রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকারের দাবি, এই প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন প্রকল্পের প্রথম পর্যায়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা জানান, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং পরিবারের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।
প্রকল্পের উদ্বোধনকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। বহু উপভোক্তা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।





