আব্দুল হাই, বাঁকুড়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিবেশিত খাবারের নিম্নমান ও সরকারি নিয়ম অনুযায়ী ডিম না দেওয়ার অভিযোগে চরম ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। সোমবার বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তা ও স্থানীয় বাসিন্দাদের একাংশ বাঁকুড়া–ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে দীর্ঘ সময় ধরে ওই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিতভাবে খাবার ও ডিম সরবরাহ করা হচ্ছে না। কখনও অর্ধেক ডিম, কখনও একটি সম্পূর্ণ ডিম দেওয়া হলেও বহু দিন খাবারের সঙ্গে ডিম দেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, রান্না করা খিচুড়ির মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় তা খাওয়ার অযোগ্য বলেও দাবি গ্রামবাসীদের। অনেক উপভোক্তা বাধ্য হয়ে শুধু ডিম নিয়ে বাড়ি ফিরে যান, খাবার গ্রহণ করেন না।
বিক্ষোভকারীদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে ছোট শিশু, গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের পুষ্টি নিশ্চিত করার কথা সরকারের। কিন্তু নিম্নমানের খাবার পরিবেশনের ফলে সেই উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী নিয়মিত ডিম দেওয়া ও দৈনিক মেনু অনুযায়ী খাবার পরিবেশনের কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ। কোন দিন কী খাবার দেওয়া হবে, তা জানিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি সাইনবোর্ড লাগানোর দাবিও তোলেন তাঁরা।
গ্রামবাসীদের আরও অভিযোগ, এই সমস্যা নিয়ে আগেও একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই শিশু কোলে নিয়ে পথ অবরোধে নামেন তাঁরা। খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।





