খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ অবশেষে সর্বদলীয় বৈঠক ডেকে রাজনৈতিক দলগুলির হাতে নিবিড় ভোটার তালিকা সংশোধনের খসড়া তালিকা তুলে দিল মালদা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
তবে খসড়া তালিকা হাতে পাওয়ার পরই একাধিক অভিযোগ তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা। তাঁদের দাবি, সংশোধনের খসড়া তালিকাতেও এখনও মৃত ভোটারের নাম রয়ে গিয়েছে। এর ফলে ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠছে বলে দাবি বিরোধীদের। পাশাপাশি, নিবিড় তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় কাদের ডাকা হচ্ছে এবং মালদা জেলায় মোট কতজন ভোটারকে যাচাইয়ের আওতায় আনা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের তরফে এখনও স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি বলেও অভিযোগ।
রাজনৈতিক নেতৃত্বদের আরও বক্তব্য,ভোটার যাচাইয়ের জন্য সাধারণ মানুষকে কোথায় এবং কীভাবে ডাকা হবে, সে সম্পর্কেও কোনও সুস্পষ্ট নির্দেশিকা নেই। এর ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে,তথ্য যাচাইয়ের কেন্দ্রগুলি যেন মানুষের যাতায়াতের সুবিধাজনক স্থানে করা হয়।
এদিন প্রশাসনের আধিকারিকরা জানান,রাজনৈতিক দলগুলির অভিযোগ ও পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এবং কোনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।





