শিলিগুড়ি, ১৮ জুলাইঃ উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে তিনি শিলিগুড়ি সংলগ্ন জুমাগছ এলাকার একটি বর্ডার আউট পোস্ট (BOP)-এ বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর সেখান থেকে তিনি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যায় পৌঁছবেন। সেখানে আজ সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফের শীর্ষ আধিকারিকরা, রাজ্য পুলিশের ডিজি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।




