নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বরঃ এস আই আর নিয়ে বিতর্ক তুঙ্গে। কমিশনের অন্দরেই মতপার্থক্যের খবর ঘিরে যখন জাতীয় রাজনীতিতে চাপানউতোর, ঠিক তখনই এক টেবিলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। শনিবার নির্বাচন সদনে তিন সদস্যের ফুল বেঞ্চের বৈঠক আর সেখান থেকেই SIR নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা।
বৈঠকের পর কমিশনের তরফে জানানো হয়েছে, SIR-এর নোটিস পাওয়া ভোটারদের সাধারণ ভাবে সশরীরে ERO বা AERO-র দফতরে গিয়ে শুনানিতে হাজির হতে হবে না। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই। ফলে নোটিস হাতে পাওয়া ভোটারদের জন্য এত দিন যে শুনানির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ ছিল, তাতে কিছুটা স্বস্তির বার্তা মিলল।
শুধু শুনানির পদ্ধতিই নয়, দিল্লিতে SIR-এর সময়সীমাও বাড়ানো হয়েছে। দাবি-আপত্তি জানানোর শেষ তারিখ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নোটিস ও দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ-সহ SIR-এর আওতায় থাকা ভোটারদের জন্যও বাদ পড়া নাম নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে বাদ পড়া বা তালিকায় নাম না থাকা যোগ্য ব্যক্তিদের জন্য সুযোগ বাড়ানো হবে। Form 6-সহ সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়েও কমিশন একাধিক সিদ্ধান্ত নিয়েছে।
এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব অবশ্য অন্য জায়গায়। সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত কয়েক মাসে SIR-সহ একাধিক সিদ্ধান্ত নিয়ে সান্ধু ও জোশী আপত্তি জানিয়েছিলেন। কমিশন সেই ব্যাখ্যা খারিজ করে জানিয়েছে, SIR-সহ সব চূড়ান্ত সিদ্ধান্তই তিন কমিশনারের অনুমোদনে সর্বসম্মত ভাবে নেওয়া হয়েছে।
ফলে বিতর্কের মাঝেই একই টেবিলে তিন কমিশনারের বৈঠক এবং তার পর একগুচ্ছ সিদ্ধান্ত নির্বাচন সদনের এই ছবি নিছক প্রশাসনিক বৈঠকের ছবি হয়ে থাকল না। SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোরের আবহে কমিশনের তরফে যেন প্রকাশ্যে এল ঐক্যেরই বার্তা।





