খবরিয়া ২৪ ডেস্ক, ১০ জানুয়ারিঃ মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও এসআইআরের শুনানি প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের শুনানি পর্বে একাধিক ত্রুটি ও অসংবেদনশীলতার অভিযোগ তুলে তিনি স্পষ্ট দাবি করেছেন, বর্তমান পদ্ধতিতে অবিলম্বে লাগাম টানা প্রয়োজন।
চিঠিতে মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি এবং বিশিষ্ট কবি জয় গোস্বামীর মতো সমাজের সম্মানিত ব্যক্তিদের শুনানির নোটিস পাঠানো অত্যন্ত অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। তাঁর মতে, এমন ঘটনা প্রমাণ করে যে কমিশন বাস্তব পরিস্থিতি না বুঝেই যান্ত্রিক ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে সিদ্ধান্ত নিচ্ছে।
চিঠির শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এসআইআরের কাজকর্মের ধরণ তাঁকে ‘স্তম্ভিত ও বিরক্ত’ করেছে। তাঁর অভিযোগ, পুরো প্রক্রিয়াই অত্যধিক প্রযুক্তিনির্ভর এবং তথ্যগত ভুলের উপর দাঁড়িয়ে রয়েছে। সাধারণ যুক্তি ও মানবিক বোধ প্রয়োগ করে কোনও যাচাই-বাছাই করা হচ্ছে না। এর ফলেই সমাজের বিশিষ্ট ও সর্বজনস্বীকৃত ব্যক্তিদের কাছেও ব্যাখ্যা তলবের নোটিস পৌঁছে যাচ্ছে, যা কখনওই কাম্য নয়।
মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের পদক্ষেপ কমিশনের বাস্তব সম্পর্কে অনভিজ্ঞতা এবং অসংবেদনশীল মানসিকতারই পরিচয় দেয়। তিনি সতর্ক করে দিয়েছেন, এভাবে চলতে থাকলে গণতান্ত্রিক পরিকাঠামো দুর্বল হয়ে পড়বে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।
চিঠির শেষে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি জানি, আপনি হয়তো এই চিঠির জবাব দেবেন না। তবুও বিষয়টি বিস্তারিতভাবে আপনাকে জানানো আমার কর্তব্য।” সব মিলিয়ে, এসআইআরের শুনানি প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন যে আরও তীব্র হচ্ছে, তা এই চিঠিতেই স্পষ্ট।





