শিলিগুড়ি, ২৮ মেঃ শিলিগুড়ি-র সুভাষপল্লী এলাকায় একটি পরিচিত ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ জীবনদায়ী ইনজেকশন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে গ্রাহককে হুমকিও দেওয়া হয়।
জানা গিয়েছে, বুধবার দুপুরে জগদীশ রায় নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীর জন্য সুভাষপল্লীর হাতি মোড় সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে চারটি জীবনদায়ী ইনজেকশন কেনেন। পরে ইনজেকশন ব্যবহার করার সময় দেখা যায়, চারটির মধ্যে একটি ইনজেকশনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে।
অভিযোগ, রাতে ওই ইনজেকশন নিয়ে দোকানে গেলে দোকানের কর্মীরা দ্রুত বিল কেড়ে নিয়ে ইনজেকশনটি বদলে দেন। এরপর জগদীশ রায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে দোকান কর্তৃপক্ষ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকির সুরে কথা বলেন বলে অভিযোগ।
যদিও দোকান কর্তৃপক্ষ দাবি করেছে, তারা কোনও মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বিক্রি করেনি। তবে স্থানীয়দের একাংশের দাবি, এর আগেও ওই ওষুধের দোকানকে ঘিরে একাধিক অভিযোগ উঠেছিল। এখনও পর্যন্ত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে কি না, তা স্পষ্ট নয়।





