কলকাতা, ১৬ জুলাই: রাজ্যে সরকার বদলের পর একের পর এক দপ্তরে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার অভিযোগের তির সরকারি বইমেলাকে ঘিরে। তৃণমূল সরকারের আমলে জেলা বইমেলাগুলিতে সরকারি অর্থে দলঘনিষ্ঠদের বই বিপুল পরিমাণে কেনা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সেই অভিযোগ তুলে ধরেন খোদ গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অভিযোগ শোনার পরই গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার ‘জনতার দরবার’ কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গ্রন্থাগারমন্ত্রী এবং বিজেপির একাংশের নেতা-কর্মীরা। বৈঠকে তৎকালীন সরকারের আমলে বইমেলা ও গ্রন্থাগার পরিচালনায় অনিয়মের একাধিক অভিযোগ সামনে আনা হয়। অভিযোগ, সরকারি অর্থে নির্দিষ্ট কিছু প্রকাশনা ও তৃণমূল ঘনিষ্ঠ লেখকদের বই বিপুল পরিমাণে কিনে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। জেলা বইমেলাগুলিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলেও দাবি করা হয়।
সূত্রের খবর, অভিযোগকারীদের কাছ থেকে বিস্তারিত তথ্য শোনেন মুখ্যমন্ত্রী। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে গ্রন্থাগার দপ্তরকে সমস্ত নথি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। প্রয়োজন হলে অতীতের বই কেনা, বরাদ্দ এবং অর্থব্যয়ের হিসাবও পুনরায় পরীক্ষা করা হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।
ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কাটমানির অভিযোগ তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি বিশেষ কমিশন গঠন করেছে রাজ্য সরকার। সেই কমিটিতে রয়েছেন আইপিএস পদমর্যাদার এক শীর্ষ আধিকারিকও। কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে।
বিশ্ব বাণিজ্য সম্মেলন, বিভিন্ন সরকারি প্রকল্পের পর এবার বইমেলাকে ঘিরেও দুর্নীতির অভিযোগ সামনে আসায় প্রশাসনিক মহলে তাৎপর্য বেড়েছে। অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





