নিজস্ব সংবাদদাতা, ২০ জুলাইঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা। এ বার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী মৌসুমী দাস ঘোষ। তাঁর অভিযোগ, সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করার পর থেকেই লাগাতার হুমকি ও কুরুচিকর আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেছেন তিনি।
অভিযোগকারিণীর দাবি, গত শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়ে ভাঙচুরের ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সেই বক্তব্যের ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নিজেকে লক্ষ্য করে ধারাবাহিক হুমকি ও কটূক্তি শুরু হয় বলে অভিযোগ তাঁর। মৌসুমীর দাবি, অভিষেকের ‘ডিজিটাল যোদ্ধা’ পরিচয়ে একাধিক ব্যক্তি সামাজিক মাধ্যমে তাঁকে আক্রমণ করেছেন।
সোমবার সকালে বিষ্ণুপুর থানায় দায়ের করা অভিযোগে তিনি পুলিশি নিরাপত্তার আবেদনও জানিয়েছেন। অভিযোগপত্রে ২০১৮ সালের একটি হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি, সেই সময় বিজেপি নেতা তথা তাঁর স্বামী অভিজিৎ দাসের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। মারধরের জেরে তাঁর দু’টি পা গুরুতর জখম হয় এবং পরে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন তিনি। সেই ঘটনার প্রসঙ্গ টেনেও বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার দাবি জানিয়েছেন অভিযোগকারিণী।
অভিযোগপত্রে আমতলার দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাকে ঘিরে বিজেপি কর্মীদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারিণীর দাবি, সেই মন্তব্যের পর থেকেই বিরোধী সমর্থকদের উপর চাপ বাড়ছে।
উল্লেখ্য, রবিবারই দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফানের ত্রাণ বণ্টনে অনিয়মের অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর দাবি ছিল, বজবজ-২ ব্লকে ভুয়ো নথির মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম হয়েছে। নতুন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক চাপ আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এই সব অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।





