মাথাভাঙ্গা, ২৭ সেপ্টেম্বর : পুকুরে বিষ প্রয়োগের অভিযোগে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ভবের হাট এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুকুরে বিষ ঢেলে দেওয়ায় সমস্ত মাছ মারা গিয়েছে। ঘটনায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে একটি অসহায় পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভবের হাট এলাকার বাসিন্দা ছায়া বর্মন স্বামীহারা। মাছ চাষের উপর নির্ভর করেই তাঁর সংসার চলে। ধার করে মাছের চারা কিনে পুকুরে ছেড়েছিলেন তিনি। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে, তা বুঝতে পারছেন না পরিবারটি।
সকালে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে কান্নায় ভেঙে পড়েন ছায়া বর্মন। তাঁর দাবি, প্রতি বছর এই পুকুর থেকে প্রায় দেড় লক্ষ টাকার মাছ বিক্রি করে সংসার চালাতেন তিনি। মাছ চাষের জন্য ধার করা টাকা এখনও পরিশোধ করা হয়নি। এই অবস্থায় সমস্ত মাছ নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে সেই দেনা পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, অভিযোগ জানানোর পরও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।





