খবরিয়া ২৪ ডেস্ক, ৭ জানুয়ারিঃ শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়, ছাত্র আন্দোলনে পুলিশের বাধা এবং ছাত্রছাত্রীদের গ্রেপ্তারের প্রতিবাদে শিলিগুড়িতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)। বুধবার সংগঠনের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ধারাবাহিক আন্দোলনের ঘোষণা করেন।
সাংবাদিক বৈঠকে AIDSO নেতৃত্বের অভিযোগ, সরকারি স্কুল ও কলেজে বেআইনিভাবে ফি বৃদ্ধি করে শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পড়ুয়াদের উপর বাড়তি আর্থিক বোঝা চাপানো হচ্ছে, যার ফলে বহু ছাত্রছাত্রী পড়াশোনা চালিয়ে যেতে না পেরে বাধ্য হচ্ছে পড়াশোনা ছাড়তে। সংগঠনের দাবি, শিক্ষাকে পণ্যে পরিণত করার এই প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে।
এছাড়াও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোগত ঘাটতি, পর্যাপ্ত শিক্ষক ও কর্মীর অভাব, আবাসন সংকট এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তোলা হয়। সংগঠনের নেতারা জানান, বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। উল্টে দাবি জানাতে গেলে ছাত্র আন্দোলনের উপর পুলিশি বাধা ও দমন-পীড়ন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
AIDSO-এর পক্ষ থেকে আরও জানানো হয়, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ ও গ্রেপ্তারের ঘটনার তারা তীব্র নিন্দা করছে। সংগঠনের দাবি, গ্রেপ্তার হওয়া সমস্ত ছাত্রছাত্রীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে।
এই সমস্ত দাবিকে সামনে রেখেই আগামী ৯ জানুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠন। ওই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষানুরাগী মানুষদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। AIDSO নেতৃত্বের স্পষ্ট বার্তা, শিক্ষার অধিকার রক্ষায় তারা ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবে।





