জলপাইগুড়ি, ৫ জানুয়ায়ারিঃ আবারও বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার কলাবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশন এলাকায়। উত্তরবঙ্গে বিভিন্ন চা বাগানে চিতাবাঘের আনাগোনা নতুন নয়। কলাবাড়ি চা বাগান এলাকায় কয়েকদিন ধরেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল।যার জেরে খাঁচা বসায় বন দপ্তর।
স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে ওই খাঁচার ভেতর থেকে চিতাবাঘের গর্জন শুনে ঘটনাটি লক্ষ্য করেন। কাছে গিয়ে দেখা যায়, বনদপ্তরের বসানো খাঁচার মধ্যেই বন্দি রয়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। খবর পেয়ে চা বাগান কর্তৃপক্ষকে জানানো হয় । পাশাপাশি খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ ডিভিশনের বনকর্মীদের।
বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। উল্লেখ্য, কলাবাড়ি এলাকায় এর আগেও একাধিকবার চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুসহ আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই কারণে বনদপ্তরের পক্ষ থেকে সুন্দরবনের আদলে উত্তরবঙ্গের কলাবাড়ি এলাকায় কিছু শ্রমিক মহল্লা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। পাশাপাশি চিতাবাঘ ধরতে চা বাগান এলাকায় একাধিক খাঁচা পাতা হয়। রবিবার সকাল সাতটা নাগাদ সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা শ্রমিক মহল্লার বাসিন্দারা।





