মাথাভঙ্গা, ১৩ মেঃ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারের বিরুদ্ধে ওঠা থ্রেট কালচার, পক্ষপাতমূলক আচরণ ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বুধবার হাসপাতালে পৌঁছান কোচবিহারের জেলাশাসক জীতিন যাদব। তিনি চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।
অভিযোগ, সুপারের বিরুদ্ধে মুখ খুললেই বদলির হুমকি দেওয়া হতো এবং ধর্মীয় পরিচয় দেখে বৈষম্যমূলক আচরণ করা হত। পাশাপাশি এক চুক্তিভিত্তিক সুপারভাইজারের বিরুদ্ধে হাসপাতালের রোস্টার নিয়ন্ত্রণ ও ছুটির জন্য টাকা দাবি করার অভিযোগও ওঠে।
নার্সিং স্টাফদের দাবি, হোস্টেলে নিরাপত্তাহীনতা নিয়ে অভিযোগ জানালেও উল্টে হোস্টেল ছাড়ার হুমকি দেওয়া হত। হাসপাতালের বিভিন্ন বৈঠকে কর্মীদের অপমান করার অভিযোগও সামনে এসেছে।
এদিন জেলাশাসকের কাছে রোগী ও তাঁদের পরিজনেরাও হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জেলাশাসক আশ্বাস দেন, ধাপে ধাপে হাসপাতালের মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।





