শিলিগুড়ি, ২৮ মেঃ অবৈধভাবে ভারতে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠাতে বা ‘পুশব্যাক’ প্রক্রিয়া কার্যকর করতে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ থেকে শুরু করে আইনি প্রক্রিয়ার আওতায় এনে শেষ পর্যন্ত প্রত্যাবাসনের লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য সরকার।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের অস্থায়ীভাবে রাখার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ ‘হোল্ডিং সেন্টার’। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার পাশাপাশি মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা এলাকাতেও একটি হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সম্ভাব্য জায়গা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রশাসনের মতে, সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হচ্ছে। বেআইনিভাবে ভারতে প্রবেশকারীদের চিহ্নিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা বাহিনীর টহল বৃদ্ধি এবং তথ্য সংগ্রহের কাজ জোরদার করা হয়েছে। পাশাপাশি, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চলছে।
সূত্রের দাবি, শুধুমাত্র সীমান্ত নিরাপত্তাই নয়, জাতীয় সুরক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগ যাতে দ্রুত যাচাই করা যায় এবং কোনও নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে এই হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। যদিও প্রশাসনের বক্তব্য, সম্পূর্ণ বিষয়টি আইন মেনেই পরিচালিত হবে এবং মানবাধিকার রক্ষার বিষয়েও বিশেষ নজর রাখা হবে।





