কোচবিহার, ৫ নভেম্বরঃ লোকচক্ষুর আড়ালে চলছিল গাঁজা চাষ। গোপন সূত্রে সেই খবর পেয়েই অভিযানে নামল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কোচবিহার-১ ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মতর শালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। শুধু উদ্ধারই নয়, জমিতে চাষ করা গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিল পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে অবৈধ গাঁজা চাষের খবর পাওয়ার পরেই বিশেষ অভিযানের পরিকল্পনা করা হয়। কোতোয়ালি থানার আইসির উদ্যোগে পুলিশকর্মীরা ওই এলাকায় হানা দেন। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পাশাপাশি, চাষের জমিতে থাকা গাঁজা গাছগুলিও কেটে ফেলা হয়। পরে সেগুলি আগুনে পুড়িয়ে সম্পূর্ণ নষ্ট করা হয়।
অভিযান চলাকালীন সন্দেহের ভিত্তিতে প্রথমে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁদের গ্রেফতার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট, কোতোয়ালি থানার এসআই রাজীব ভগত-সহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
তবে ওই এলাকায় কীভাবে দীর্ঘদিন ধরে অবৈধ গাঁজা চাষ চলছিল, তার পিছনে কোনও বড় মাদক চক্রের যোগ রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গাঁজার উৎস, কারবারের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এই চাষের পরিধি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
উল্লেখ্য, অবৈধ মাদক চাষ ও কারবারের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশের অভিযান নতুন নয়। তবে পুটিমারি ফুলেশ্বরীর এই অভিযান ফের বুঝিয়ে দিল, মাদক কারবারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে তৎপর পুলিশ। এলাকায় অবৈধ গাঁজা চাষ বন্ধ করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানোর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।





