শিলিগুড়ি, ৫ জুনঃ ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শুক্রবার শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
এবিভিপির পক্ষ থেকে জানানো হয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের জন্য উন্নত পরিকাঠামো, নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে আয়োজনের দাবিও জোরালোভাবে তোলা হয়েছে। সংগঠনের মতে, ছাত্রভোট না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামী ৯ জুলাই এবিভিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। চলতি বছরে পশ্চিমবঙ্গে ১০ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের জন্য সাড়ে তিন লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্য রাখা হয়েছে। বর্তমানে উত্তরবঙ্গে সংগঠনের প্রায় ৪০ হাজার সক্রিয় সদস্য রয়েছে বলেও দাবি করা হয়।
সংগঠনের নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রস্বার্থে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবিভিপি এবং বৃহত্তর ছাত্র আন্দোলনের প্রস্তুতিও নেওয়া হবে।





