খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ মার্চঃ বিধানসভা নির্বাচনের প্রচারে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি বিজেপিকে রাজ্যে ৫০ আসনের নিচে নামিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং এই কেন্দ্রেই ৪০ হাজার ভোটের ব্যবধানের লক্ষ্য নির্ধারণ করেন।
এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে সরাসরি আক্রমণ করে অভিষেক প্রশ্ন তোলেন, “বিজেপি সরকার কি চারটে ছেলেরও কর্মসংস্থান করতে পেরেছে?” তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা, সর্বশিক্ষা মিশন এবং পানীয় জলের প্রকল্পের অর্থ আটকে রেখেছে।
রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি ৫০ লক্ষ মানুষের কাছে ৩৫ হাজার কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। বিরোধীদের কটাক্ষ করে তাঁর মন্তব্য, “ওরা প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা পালন করি।”
এই জনসভা থেকে তৃণমূলের পাঁচটি বড় ‘প্রতিজ্ঞা’ও ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে সবার জন্য বাসস্থান, ‘দুয়ারে চিকিৎসা’র সম্প্রসারণ, প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল, বয়স্কদের ভাতা নিশ্চিতকরণ এবং কৃষকদের জন্য ৩০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ। পাশাপাশি নতুন স্কুল তৈরির কথাও উল্লেখ করেন তিনি।
এদিন অভিষেক অভিযোগ করেন, এসআইআর তালিকা ঘিরে আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “মানুষের জীবন আমাদের কাছে অমূল্য।”
বিজেপির বিরুদ্ধে কড়া সুরে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “পদ্মফুলের কাছ থেকে টাকা নেবেন, কিন্তু ভোট দেবেন জোড়া ফুলে।” একইসঙ্গে দাবি করেন, অন্য রাজ্যে জয় পেলেও বাংলায় বিজেপির জয়ের সম্ভাবনা নেই, কারণ “বাংলার মানুষ মাথা নত করে না।”
নিজের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার সম্পর্কের কথাও তুলে ধরেন অভিষেক। তাঁর বক্তব্য, “জন্মভূমি দক্ষিণ কলকাতা হলেও কর্মভূমি এই দক্ষিণ ২৪ পরগণা।” বিজেপি নেতাদের উদ্দেশ্যে তাঁর চ্যালেঞ্জ, “ভোট চাইতে এলে আগে কাজের রিপোর্ট কার্ড দেখাতে হবে।”
সব মিলিয়ে পাথরপ্রতিমার এই জনসভা থেকে স্পষ্ট বার্তা দিল তৃণমূল উন্নয়ন ও কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকেই সামনে রেখে এবার নির্বাচনী লড়াইয়ে নামছে তারা।
পাথরপ্রতিমা থেকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের, ৫০-এর নিচে নামানোর ডাক
---Advertisement---





