শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ ইস্টার্ন বাইপাস সংলগ্ন তেলিপাড়ার বাসিন্দা রীতা পণ্ডিতের উপর ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আশিঘর এলাকায়। গত ২০ তারিখ রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে আশিঘর চয়নপাড়া পাওয়ার হাউসের পেছনের রাস্তায় এই ঘটনা ঘটে। অভিযোগ, অন্ধকারের সুযোগ নিয়ে দুই নাবালক আচমকাই রীতার পথ আটকায় এবং তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতা পণ্ডিতের ব্যাগে ছিল ৫০০ টাকা নগদ ও একটি মোবাইল ফোন। ছিনতাইকারীদের বাধা দিলে অভিযুক্তদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করে। আহত অবস্থায় ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে বাড়ি ফিরে পরে আশিঘর আউটপোস্টে গিয়ে গোটা ঘটনার অভিযোগ জানান ওই মহিলা।
অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে আশিঘর আউটপোস্টের পুলিশ। সাদাপোষাকে পুলিশকর্মীরা এলাকায় নজরদারি শুরু করেন এবং স্থানীয় সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত অভিযানে নামে। তদন্তের ভিত্তিতে শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই নাবালককে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে রীতা পণ্ডিতের ছিনিয়ে নেওয়া ব্যাগ, নগদ টাকা ও মোবাইল ফোন। উদ্ধার হওয়া সামগ্রী পরে অভিযোগকারিণীর হাতে তুলে দেওয়া হয়।
আজ আটক দুই নাবালককে জলপাইগুড়ি জুভেনাইল কোর্টে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় ছিনতাইয়ের ঘটনা রুখতে রাতের টহল আরও বাড়ানো হবে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।





