শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা জাতীয় সড়ক ১০–এ। গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে আসার পথে একটি টাটা সুমো গভীর খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও আট জন যাত্রী। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে রেয়াং থানার অন্তর্গত ভূইচালি এলাকায়।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এনজেপি স্ট্যান্ডগামী রূপালি রঙের টাটা সুমো গোল্ড, যার রেজিস্ট্রেশন নম্বর WB 76/8201। গাড়িটিতে চালকসহ মোট ১০জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, পাহাড়ি রাস্তায় চলার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ২০০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেয়াং থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও NHIDCL কর্মীদের সহায়তায় শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলেই দু’জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আট জনকে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(NBMCH) পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়।
বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর জাতীয় সড়ক ১০–এ কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত গতি, রাস্তার অবস্থা বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





